‘এ’ দলের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার

বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিরুদ্ধে চার ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে গেছে বাংলাদেশ ‘এ’ দল। এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ তে সিরিজ জিতল মুমিনুল হকের দল। তবে চট্টগ্রামে অগ্রজদের বিরুদ্ধে বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা দারুণ লড়াই করেছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে ডিএল মেথডে ‘এ’ দলের কাছে ৪ রানে হেরেছে এইচপি।

গতকাল বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে ৪৪ ওভার হয়ে যায়। টসজয়ী ‘এ’ দল আগে ব্যাট করে ৯ উইকেটে ২২২ রান তুলেছিল। সাদমান ৪৭, ইমরুল ৩৭, মুমিনুল ২৭, শান্ত ১০, মোসাদ্দেক ২০, ইয়াসির আলী ২০ রান করেন। এইচপির হাসান মুরাদ ৪টি, রেজাউর রহমান রাজা ২টি, তানভির ইসলাম ও তৌহিদ হূদয় ১টি করে উইকেট পান।

এইচপির ইনিংসের আগে আবারও বৃষ্টি নামে। পরে ডিএল মেথডে ৩৩ ওভারে এইচপির টার্গেট দাঁড়ায় ১৯৪ রান। অধিনায়ক তৌহিদ হূদয়ের হার না মানা ব্যাটিংয়ের পরও ৮ উইকেটে ১৮৯ রানের বেশি যেতে পারেনি এইচপি। অপরাজিত ৯৩ রান করেন তৌহিদ হূদয়। পারভেজ ইমন ১৮, তানজিদ হাসান তামিম ১৩, রেজাউর রহমান রাজা ৩৩ রান করেন। ‘এ’ দলের পক্ষে মোসাদ্দেক, রাকিবুল ৩টি করে এবং তাইজুল-খালেদ ১টি করে উইকেট পান।