জুলফিকার আলী
পিরোজপুরের কাউখালীর প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা জাতীয় পার্টির জেপি নেতা এবং কাউখালী গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডা. জুলফিকার আলী (৭৫) গত রবিবার দিবাগত রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ........ রাজিউন)। স্ত্রী দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার কাউখালীর উজিয়াল খান ও মাগুরা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জুলফিকার আলীর মৃত্যুতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এম,পি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া কাউখালীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক শোক বার্তায় ডা. জুলফিকার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হামিদা খাতুন
গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিনের মাতা হামিদা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ছয় পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার জানাজার নামাজ বোকাইনগর ইউনিয়নের তারাপুর গ্রামের মৌলভী জহির উদ্দিন ফোরকানিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোমবার (১১ ফেব্রুয়ারি) তাঁর লাশ দাফন করা হয়।
পীযূষ কুমার চক্রবর্তী
গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত পীযূষ কুমার চক্রবর্তী (৫৬) পরলোকগমন করেন। শনিবার রাত ৯ টার দিকে শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে সরস্বতী পূজা করার সময় হঠাত্ তিনি হূদরোগে আক্রান্ত হন। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন মন্দির-কমিটিসহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃস্থানীয়রা শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রবিবার দুপুরের পর তাঁর মরদেহ গোপালগঞ্জ পৌর-মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সৈয়দ হোসেন মৃধা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার দুলাল হোসেনের পিতা সৈয়দ হোসেন মৃধা (৯৮) গতকাল সোমবার বিকাল তিনটার দিকে চাঁদপুর জেলার মতলব উত্তরের খন্দকার কান্দি গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--- রাজিউন)। তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার নামাজে জানাজা শেষে মৃধা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির হোসেন খান, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির নেতারা এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।