সড়কের পাশে মাটি না থাকা ঝুঁকিপূর্ণ

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার বেশ কিছু স্থানে মাইলের পর মাইল সড়কের দু’পাশে মাটি না থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কখনো দ্রুতগতির গাড়ি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে নেমে গিয়ে উলটো দুর্ঘটনাকবলিত হচ্ছে। এভাবে প্রতিদিন আহত হচ্ছেন অনেকেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের করণীয় কিছু নেই!

সড়কের পাশে কোথাও ড্রেন, কোথাও পায়ে চলা পথ। মূল সড়কের পাশে পায়ে চলা পথ সবসময়ই সড়কের লেবেলে থাকে। এতে দ্রুতগতির কোনো গাড়ি কখনো কখনো দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে নেমে পড়ে। কখনো সড়ক বা মহাসড়কে যানজট লেগে গেলে সড়কের পাশে পায়ে হাঁটা পথ দিয়েই মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক, সিএনজি অটোরিকশা, মিনি পিক-আপ পার হতে দেখা যায়। এক্ষেত্রে কুমিল্লা-সিলেট মহাসড়কটি বেশ ঝুঁকিপূর্ণ। সড়কটির বুড়িচং উপজেলার ময়নামতি সেনানিবাস সংলগ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি সৌধ (ওয়ার সিমেট্রি) সংলগ্ন এলাকা, ফরিজপুর, রামপাল, সাহেবের বাজার, ঝুমুর, হরিণধরা, শরীফপুর, দেবপুর, রামপুর পর্যন্ত কমপক্ষে ৬/৭ কিলোমিটার সড়কের দু’পাশের মাটি অনেকটা নিচুতে। এতে প্রতিদিনই ব্যস্ত এই সড়কে দুর্ঘটনা লেগেই আছে। এমনিতেই কুমিল্লা-সিলেট সড়কের প্রশস্ততা কম। দুটি বড় গাড়ি পাশাপাশি গেলে সড়কে আর জায়গা থাকে না। দ্রুতগতির ট্রাক, বাস, কাভার্ডভ্যান কিংবা ট্রেইলারগুলো ওভারটেকিং করার সময় যাত্রী বোঝাই ছোট ছোট বাহন বিশেষ করে রিকশা, ইজিবাইক, সিএনজি অটোরিকশা, পিক-আপ বা মিনি ট্রাক, লেগুনা নিয়ে চালকরা দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে নেমে পড়েন। কিন্তু সড়কের লেবেলের তুলনায় বেশ খাটিকটা নিচু হওয়ায় প্রায়ই এসব ছোট বাহন উলটে যাচ্ছে। এ অবস্থায়, সড়কের সঙ্গে সড়কের পাশের লেবেল সমান করা হোক।

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা