তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকৃতির এক ইলিশ। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে সেখানে লোকজনের ভিড় জমে যায়।
জানা যায়, শুক্রবার দুপুরে ভোলার তজুমদ্দিন মেঘনা নদীর তীরবর্তী শশীগঞ্জ স্লুুইসগেট এলাকার জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের পাঁচটি ইলিশের সঙ্গে ধরা পড়ে এই বিশাল ইলিশ মাছটিও। বিকালে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের স্লুুইসগেট এলাকার মাছঘাটে ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তে মাছটি ডাকে (নিলামে) তুললে মাছ ব্যবসায়ী কুট্টি ব্যাপারী ৫ হাজার ৫০০ টাকায় সেটি কিনে নেন। এছাড়া বাকি পাঁচটি মাছ ৩ হাজার টাকায় ক্রয় করেন তিনি। কুট্টি ব্যাপারী বলেন, মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। এখন সপ্তাহখানেক হলো নদীতে বড় ইলিশের দেখা মিলছে। এই কয়েক দিনের মধ্যে এটাই ঘাটের সবচেয়ে বড় ইলিশ। মাছটি অধিক লাভে ঢাকায় বিক্রির জন্য অন্য মাছের সঙ্গে মোকামে পাঠানো হয়েছে। শশীগঞ্জ স্লুইসগেট মত্স্য আড়তদার সমিতির সভাপতি আবুল হাসেম বলেন, এখন ঘাটে প্রায়ই বড় ইলিশের দেখা মিলছে। জেলা মত্স্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, গত মাসে ভোলা সদর উপজেলার তুলাতুলি ঘাটে ৪ হাজার ৩০০ টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছে। তার আগে মনপুরা উপজেলায় সাড়ে তিন কেজি ওজনের ইলিশ ধরা পড়ে।
তজুমদ্দিন উপজেলা মত্স্য কর্মকর্তা আমির হোসেন মিয়া জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এখন সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্যে নদীর মিঠা পানিতে বড় ইলিশরা আসতে শুরু করেছে।