গান্ধীর অহিংসা নীতি মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে ........ আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। মহাত্মা গান্ধী আজীবন ধর্ম-বর্ণ নির্বিশেষে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন। তার অহিংসা নীতি মেনে নেলসন ম্যান্ডেলা আফ্রিকার মানুষের অধিকার আদায় করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মহাত্মা গান্ধীর অহিংসা নীতি অনুসরণ করে বাঙালি জাতির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। 

তিনি গতকাল শনিবার বিকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস উদ্যাপন ও নবরুপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে গান্ধী আশ্রম মেমোরিয়াল হাইস্কুল মাঠে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, সাবেক মন্ত্রী আসাদুজ্জামন নূর এমপি, মহিলা সংসদ সদস্য অরোমা দত্ত, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ও আইএলও কান্টি ডিরেক্টর তোম পউতি আইনেন, ট্রাস্টি মেজবাহ উদ্দিন সিরাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টির সদস্য সচিব রাহা নবকুমার।