জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল আগামী ১১ অক্টোবর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সদস্য অধ্যাপক রাশেদা আখতার ইত্তেফাককে বলেন, আগামী ১১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু করা হবে। শিক্ষার্থীরা সুবিধা মতো অনলাইন ও সশরীর—দুই মাধ্যমেই ক্লাস করতে পারবে।
এদিকে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে আবাসিক হল খোলার বিষয়ে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ছাত্র সংগঠনের নেতারা আগমী ৫ অক্টোবরের মধ্যে হল খোলার দাবি জানান।
এর আগে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করা হয়। এ সুপারিশের আলোকে গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় হল খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।