অর্ধ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ নয় :হাইকোর্ট

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে চার শিশুসহ নিহত পাঁচ জনের প্রত্যেকের পরিবারকে অর্ধ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে তাত্ক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা করে প্রদান করতে স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব ও বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলামের শিশু কন্যা ফইজা তাহসিনা (১০) স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এছাড়া ২ ফেব্রুয়ারি বরিশালে লিজা আক্তার (৯), সিলেটের বালাগঞ্জে আহমেদ রিফাত (৬) ও চট্টগ্রামের সীতাকুণ্ডে নুসরাত চৌধুরী (২৩) এবং পরদিন গাজীপুরের কালিয়াকৈরে মিরাজ খান (৫) নিহত হয়। এসব ঘটনা তুলে ধরে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

রিটের পক্ষে শুনানিতে ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। প্রতিটি মৃত্যুর ঘটনায় তো আমরা আদালতে এসে ক্ষতিপূরণ চাইতে পারব না। এ জন্য আদালতের উচিত রায়ের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য একটি ক্ষতিপূরণ প্রকল্প তৈরিতে সরকারকে নির্দেশনা দেওয়া। এ পর্যায়ে আদালত বলেন, সড়ক পরিবহন আইন তো রয়েছে। এ ধরনের প্রকল্প তৈরির নির্দেশনা দেওয়ার সুযোগ আছে কি? ওই আইনজীবী বলেন, যদিও আইনে সহায়তা পাওয়ার বিধান আছে। কিন্তু আইন তো সেভাবে কার্যকর হচ্ছে না। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।

প্রসঙ্গত গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট কেরানীগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনের প্রত্যেকের পরিবারকে অর্ধ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল। একইসঙ্গে তাত্ক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেয় আদালত।