বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো জহুরুল ইসলাম তালেব। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঐ বাক্প্রতিবন্ধী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত শ্রমিক জহুরুল ইসলাম তালেব তাকে কোম্পানির পরিত্যক্ত একটি গোডাউনের পাশে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে গ্রামের দুই-তিন জন ব্যক্তি গোডাউনসংলগ্ন সড়কটি দিয়ে যাওয়ার পথে ঘটনা দেখে জহুরুল ইসলাম তালেবকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেলগাড়ি গ্রামের আল আমিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত তালেবকে শুক্রবার রাতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর