‘মোবাইল নয়, শিশুদের হাতে বই তুলে দিন’

চট্টগ্রাম অফিস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শিশু কিশোর-কিশোরীদের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে বই তুলে দিতে হবে।’ গত রবিবার বিকেলে চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আজকের পৃথিবীর বাস্তবতা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ মাধ্যমে হারিয়ে যাওয়া অনেক বন্ধুকে খুঁজে পাওয়া যায়। কোনো পত্রিকা যদি নিউজ না-ও ছাপে, কোনো টেলিভিশন যদি নিউজ না-ও দেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ লাখো কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে। এর ইতিবাচক অনেক দিক আছে। তবে নেতিবাচক দিকও আছে। সেগুলো থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে। তাই শিশু, কিশোর-কিশোরীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার পরিবর্তে জীবনে আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য, স্বপ্ন দেখার জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করতে বই তুলে দিতে হবে।’

হাছান মাহমুদ বলেন, বইমেলার আয়োজন মানুষকে বইমুখী করার জন্য। নতুন প্রজন্মকে বইমুখী করার জন্য। যারা বই লেখেন তারা বেঁচে থাকেন। বাংলাদেশে অনেক রাজনীতিবিদ ছিলেন। সবাইকে মানুষ মনে রাখেনি। যারা জীবনী লিখে গেছেন, বই লিখে গেছেন তারা কিন্তু বেঁচে আছেন। সমাজে অনেক গুণী মানুষ ছিলেন। অনেকে হারিয়ে গেছেন। কিন্তু যাদের সম্পর্কে কোনো পুস্তিকা বেরিয়েছে তারা বেঁচে আছেন। বই শুধু সুকোমল বৃত্তি প্রকাশের জন্য নয়, সমাজকে পরিশীলিত করার জন্য নয়- নিজেকে বাঁচিয়ে রাখতেও বই অনবদ্য ভূমিকা রাখে।’