বরিশাল জেলাকে ভিক্ষুকমুক্ত করার কর্মসূচি

বরিশাল অফিস

এলজিএসপি’র সকল প্রকল্প যথা সময় বাস্তবায়ন, ভিক্ষুক পুনর্বাসন ও বৃক্ষরোপণে সকলকে গুরুত্ব দিতে হবে। নচেত গ্রামকে শহরে পরিণত করার সরকারের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান বরিশালের জেলা  জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বরিশাল জেলার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে গতকাল  সোমবার  জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

সভায় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী ও ভিক্ষুক পুনর্বাসন করতে ইউপি  চেয়ারম্যানদের নানা দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক অজিয়র রহমান। এতে বলা হয়, বরিশালের সাড়ে তিন হাজার ভিক্ষুক পুনর্বাসনের আওতায় আসছে। সভায় জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান-মেম্বাররা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বরিশালের ১০টি উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। প্রত্যেকটি উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার জন্য তিন মাসের সময় বেঁধে দেন তিনি। একইসঙ্গে তিনি তাদের চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছেন।