করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গেল বছর ২০২০ সালের ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ৭ কলেজের ছাত্রাবাস। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে ১০ অক্টোবর খুলছে ইডেন মহিলা কলেজের ছাত্রীনিবাস।
রবিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
তিনি জানান, প্রাথমিকভাবে স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের ছাত্রাবাসে ওঠার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু এসব বর্ষের পরীক্ষা চলতি অক্টোবরেই শুরু হয়েছে, তাই তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ছাত্রাবাসে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ টিকা দেওয়া থাকতে হবে। এক ডোজ টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাত্রাবাসে ওঠার অনুমতি দেওয়া হবে না।
এছাড়াও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও ছাত্রাবাসে ওঠানো হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমএএম