মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাশাপাশি বাড়ির শাজাহান সরদার ও সোহাগ সরদারের মধ্যে মেম্বার প্রার্থিতা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাতে এর জেরে দুই গ্রুপের স্বজনদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, দুই মেম্বার প্রার্থীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।