স্টাফ রিপোর্টার, রংপুর
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী রংপুরের দুটি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। জেলার পীরগাছা উপজেলার আটটি ও পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক পেতে আবেদন করেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৩০ প্রার্থী। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব আবেদনপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থীরা।
আবেদনকারীরা নিজেদের আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা বলে আবেদনে উল্লেখ করেছেন। এর আগে গত বুধবার নির্বাচন কমিশন সভা শেষে রংপুরের দুই উপজেলার ১৮টি ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তপশিল ঘোষণা করেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তপশিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি শুনানি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।