নাটোরে সয়াবিন তেল ও কাঁচা মরিচের দাম চড়া

নাটোর প্রতিনিধি

নাটোরে সয়াবিন তেলের দাম সাত-আট টাকা বেড়ে হয়েছে ১৫০ টাকা। গত দুই দিন মরিচের দাম ছিল ১৪৫-১৬০ টাকা তা ঐ দিন বেড়ে হয়েছে ২০০ টাকা। তাছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে।  নাটোরের স্টেশনবাজার ও নীচাবাজার পরিদর্শন করে দেখা গেছে, এখানে চাল প্রতি কেজি ৫৮ থেকে ৬৮ টাকা, মসুরের ডাল প্রতি কেজি ১২০ টাকা, সয়াবিন তেল ১৫০ টাকা, চিনি কেজি প্রতি ৮২ টাকা, ৩০ পিসের এক খাঁচি ডিম ২৫৫ টাকা, মরিচ কেজি প্রতি ২০০ টাকা, পটল ৪০ টাকা, ফুলকপি ১২০ টাকা কেজি, পাতাকপি ৮০ টাকা কেজি ও ঢ্যাঁড়শ ৪০ টাকা। এভাবে সবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। মুদি দোকানি তাইজুল বলেন, শনিবার পর্যন্ত সয়াবিন তেলের দাম ছিল ১৪২ টাকা তা রবিবার থেকে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সবজি বিক্রেতা বাচ্চু বলেন, কাঁচা বাজারের কথা তো বলা যায় না। আমদানি বাড়লে সব সবজির দাম আবার কমে যাবে। বৃষ্টি হলে অনেক জমি জলাবদ্ধ হয়। তাই মরিচসহ অন্যান্য সবজির দাম একটু বাড়তিই হয়। কিছুদিনের মধ্যে আবার কমে যাবে।