মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরসাটুরিয়া মাঝিপাড়া গ্রামে গতকাল রবিবার রাতে এক সন্তানের জননী একজন গৃহবধূর লাশ তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্মরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীসূত্রে জানা যায়, গ্রামের রতন হালদারের স্ত্রী বন্যা রানী হালদার দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। পেটের ব্যথা সহ্য করতে না পেরে নিজ ঘরে ধন্যার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
তবে সাটুরিয়া থানার ওসি মোঃ আমিনুল রহমান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য তা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না দেখে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।