বিশেষ প্রতিনিধি
‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে রাজধানী জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চলতি বছরের আট মাসে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে ১৩ হাজার ৯৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৯ হাজার ৮২১টি। গতকাল রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ জানায়, এ বছর ডিএমপির মাদকবিরোধী অভিযানে ভয়াবহ নতুন ধরনের মাদক আইস উদ্ধার করা হয় ৭২৭ গ্রাম। এছাড়াও পাশ্চাত্য বিশ্বে হ্যালোসিনেশন ড্রাগ হিসেবে পরিচিত এলএসডি ২.১২ গ্রাম ও ৪০টি এলএসডি ব্লটপেপার উদ্ধার করা হয়।
এই সময়ে উদ্ধার হওয়া অন্য মাদকের মধ্যে রয়েছে—৩১ লাখ ৬৭ হাজার ৭২৩ পিস ইয়াবা, ৫ হাজার ৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা, ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৭৪৬ এ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৭৪৬ বোতল ও ৫৯.৪০ লিটার বিদেশি মদ, ৬ হাজার ৭১৮ লিটার দেশি মদ, ১০ হাজার ৫২১ লিটার চোলাই মদ, ৮ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।