ইজতেমাস্থলের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনীর ১০ হাজার সদস্য

আরমাত্র তিনদিন পরই শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ নদের তীরে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ তাবলীগ জামাতের ৪ দিনের বিশ্ব ইজতেমা। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজের পরই আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৪তম বিশ্ব ইজতেমা। এবার কোন বিরতি ছাড়াই ইজতেমা হবে চার দিন। দুটি পক্ষ দু’দিন করে আলাদাভাবে ইজতেমা পরিচালনা করবেন। প্রথম পক্ষ মাওলানা জোবায়ের অনুসারীদের ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি ইজতেমা শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তারা ময়দান ছেড়ে গেলে সা’দ অনুসারীরা ১৭ ফেব্রুয়ারি ইজতেমা শুরু করবে এবং ১৮ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমার আয়োজকরা জানান, ১৪ ফেব্রুয়ারির আগেই ইজতেমা মাঠের সকল কাজ সম্পন্ন হবে। এবার মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় ১০ হাজারের বেশি আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।