ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারির মধ্যে ভ্রমণ শর্ত সহজ করেছে থাইল্যান্ড। শর্ত সাপেক্ষে দেশটিতে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪ দিনের পরিবর্তে সাত দিন করা হয়েছে। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও দ্য সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (সিসিএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, থাইল্যান্ড ভ্রমণের জন্য পহেলা অক্টোবর থেকে কার্যকর হওয়া স্যান্ডবক্স স্কিম ও কোয়ারেন্টাইনের সময়ের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
ঢাকায় থাই দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক স্যান্ডবক্স স্কিমের আওতায় থাইল্যান্ডে ঢুকতে পারবেন। এক্ষেত্রে অন্তত ১৪ দিন আগে থাই কর্তৃপক্ষের অনুমোদিত টিকা নেওয়া ভ্রমণকারীদের সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগে এই মেয়াদ ছিল ১৪ দিন।
বিপরীতে যারা টিকা নেননি কিংবা পূর্ণ ডোজ টিকা নেননি তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ হবে ১০ দিন। এছাড়া অভিভাবকদের পুরো ডোজ টিকা নেওয়া থাকলেও টিকা না নেওয়া ১৮ বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইনের একই মেয়াদ কার্যকর হবে। থাইল্যান্ড ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা যারা পুরো ডোজ টিকা নিয়েছেন তাদের সিওই (সার্টিফিকেশন অব অ্যান্ট্রি) নিবন্ধনের সময় কোভিড-১৯-এর সনদ জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।