নিষিদ্ধ মাদক রাখার অভিযোগ

১৬ ঘণ্টা জেরার পর গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ান

ভারতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সি ছেলে আরিয়ান খানকে নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগে তাকে ১৬ ঘণ্টা জেরা করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। এদিকে ছেলের গ্রেফতারে হতাশ হয়ে পড়েছেন শাহরুখ খান ও আরিয়ানের মা গৌরী খান। খবর বিবিসি ও আনন্দবাজার পত্রিকার

ব্যুরোর এক বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতে মুম্বাইয়ের উপকূলে সমুদ্রে ভাসমান একটি প্রমোদতরীতে নিষিদ্ধ মাদক নিয়ে পার্টি চলছিল। সেখান থেকেই মোট আট জনকে আটক করে জেরা করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর তাদের গ্রেফতার করা হয়। জাহাজের ঐ পার্টি থেকে এক্সট্যাসি, কোকেইন, এমডি বা মেফিড্রোন এবং চরসের মতো নানা ধরনের নিষিদ্ধ ড্রাগ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। গোপন সূত্রে খবর পেয়েই নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা ঐ জাহাজটিতে হানা দিয়েছিলেন। তাদের কাছে খবর ছিল, গোয়াগামী ঐ ক্রুজ শিপটিতে নিষিদ্ধ মাদকসহ ‘রেভ পার্টি’র আয়োজন চলছে এবং তারা যাত্রী সেজেই ঐ জাহাজটিতে উঠেছিলেন।

শনিবার রাতে মুম্বাই উপকূল থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই মাঝ সমুদ্রে ঐ জাহাজটিতে পার্টি শুরু হয়ে যায়। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো দাবি করেছে, তারা পার্টির মাঝপথে নিষিদ্ধ মাদকসহ অভিযুক্তদের আটক করেন। আরিয়ানের সঙ্গে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। ভারতের প্রথম সারির নিউজ চ্যানেল সিএনএন-নিউজ১৮ নাম প্রকাশ না করা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, আরিয়ান খানের ফোনের মেসেজ ঘেটে তারা তার নিয়মিত মাদকের অর্ডার নেওয়া ও সেবনের তথ্য পেয়েছেন। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অধিকর্তা এস এন প্রধান বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে তাদের তদন্তের পরিণতিতেই এই অভিযান চালানো হয়েছিল। তাদের তদন্তে নিষিদ্ধ মাদকের সঙ্গে বলিউডের বেশ কিছু যোগসাজশও সামনে এসেছে বলে তিনি জানান।

হতাশ শাহরুখ ও গৌরী

‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। জানা যায়, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ খান। শাহরুখের ঘনিষ্ঠদের একজন জানিয়েছেন, শাহরুখ এ বিষয়ে সামনে এসে কোনো কথা বলবেন বলে মনে হয় না। এনসিবি আরিয়ানকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেই শাহরুখের আইনি পথে হাঁটার একাধিক রাস্তা খুলে যাবে। তিনি আরো জানিয়েছেন, ছেলে আটক হওয়ার পর থেকে মানসিক ভাবে বিপর্যস্ত গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তারও। আপাতত শাহরুখের সঙ্গে শহরে থাকবেন গৌরী। দুঃসময়ে ছেলের পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।