প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

প্রাথমিকের মতো ইবতেদায়ি মাদ্রাসাও জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ আরও কয়েকটি দাবিতে মানববন্ধনের আয়োজন করেন সমিতির সদস্যরা।

শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হলো-কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকেরর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

মানবন্ধনে সমিতির মহাসচিব কাজী মোখলেচুর রহমান বলেন, ১৯৯৪ সাল থেকে প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরও ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। কিন্তু প্রাইমারির শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি করার পরও ২০১৩ সালে বর্তমান সরকার ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। কিন্তু মাত্র ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এখনো জাতীয়করণ হয়নি। মাদরাসার শিক্ষকদের বেতনের অবস্থা এই দ্রব্যমূল্যের বাজারে অমানবিক।

কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ নাহিরী, সিনিয়র সহসভাপতি মাওর শাহজাহান, সহসভাপতি মো. শশুকত আলী, এ বি এম আব্দুল কুদ্দুসসহ সমিতির অন্য নেতারা।