দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এই সময়ে রোগী শনাক্তের দৈনিক হার নেমে এসেছে ৩ শতাংশের নিচে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারিও শনাক্তের হার ছিল ৩ শতাংশের নিচে। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ।
বর্তমানে দেশের করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। একই সঙ্গে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই বলে সতর্ক করেন তিনি। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। গতকাল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি আরো বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্বস্তিদায়ক। গত দু-তিন সপ্তাহে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা স্বস্তি ফিরিয়ে আনছে সবার মনে। তিনি বলেন, গত সাত দিনে সারা দেশে ১ লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা করা হয়, যা বিগত সপ্তাহের চেয়ে ৭ হাজার ৫৮১টি কম। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৭৩ জন, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। গত এক সপ্তাহে ২৩ শতাংশ মৃত্যু কমেছে।
গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনকে নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৫৭৩ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।