যুক্তরাষ্ট্রে সীমান্ত নিরাপত্তা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনায় স্থবিরতা তৈরি হয়েছে। এর জেরে দেশটিতে ফের সরকারে অচলাবস্থা শুরুর আশংকা বাড়ছে। আরেকটি অচলাবস্থা কাটাতে আগামী শুক্রবারের মধ্যে কংগ্রেসে বিল পাস করতে হবে। খবর বিবিসি’র
মধ্যস্থতাকারীরা স্থানীয় সময় সোমবারের (গতকাল) মধ্যে একটি সমঝোতায় পৌছাতে পারবেন বলে আশা করেছেন। তবে দুই দলের মধ্যে সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অবৈধ অভিবাসী এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী অর্থ বরাদ্দ নিয়ে দুই দলের মধ্যে বিরোধ অব্যাহত আছে। সমপ্রতি শেষ হওয়া শাটডাউন ৩৫ দিন স্থায়ী ছিল যা মার্কিন ইতিহাসে দীর্ঘতম। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ১১ শ’ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছিল। দুই পক্ষ কিভাবে সমঝোতায় পৌছাবে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আবার দুই পক্ষের মধ্যে ফের আলোচনার কোনো সময়সূচিও জানা যায়নি। সিনেট এবং প্রতিনিধি পরিষদের ১৭ জন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একটি ঐকমত্যে পৌছানোর চেষ্টা করছেন। তারা কয়েক দফা আলোচনা করেছেন। তাদের সমঝোতা কংগ্রেস গ্রহণ করবে। কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অবৈধ অভিবাসী আটকের বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা। কিন্তু রিপাবলিকানরা এর পক্ষে। আবার প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে বেড়া নির্মানের জন্য ৫৭০ কোটি ডলার দাবি করেছেন। এত অর্থ দিতেও রাজি নন ডেমোক্র্যাটরা।