রোহিঙ্গাদের সহযোগিতা করায় বাংলাদেশের প্রশংসা

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দান এবং তাদের জন্য বাসস্থান, খাদ্য, স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করায় বাংলাদেশের প্রশংসা করেছেন সংঘাতকালীন যৌন বিষয়ক সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন। বিশেষ করে মিয়ানমার সেনাবাহিনীর হাতে অত্যাচারিত ও যৌন সহিংসতার শিকার নারীদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সাক্ষাত্ করতে এসে ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এই প্রশংসা করেন।

বিশেষ প্রতিনিধি বলেন, দশ লক্ষেরও বেশি মিয়ানমার নাগরিককে প্রয়োজনীয় স্বাস্থ্য ও খাদ্য সহায়তা দেওয়া বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ যথাযথভাবে এই মানবিক সাহায্য চালিয়ে যাচ্ছে। তিনি ধর্ষণ এবং যৌন সহিসংসতার শিকার নারীদের মানসিক ট্রমা দূর করতে আরো বেশি মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যের পরিধি বাড়াতে জাতিসংঘ সহায়তা ফ্রেমওয়ার্ক প্রণয়ন করার কাজ করছে। আশ্রিত মিয়ানমার নাগরিকদের প্রজনন স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মিডওয়াইফারি কার্যক্রম জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।