শিক্ষার্থীদের ডিজিটাল সার্ভিস প্রদানের লক্ষ্যে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। গত ০৩ অক্টোবর সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এই সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।
ইআরপি সফটওয়্যার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রশাসনিক, একাডেমিক এবং শিক্ষা সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ইআরপি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে আমরা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) সহ সফটওয়্যার এর মাধ্যমে কাগজ বিহীন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।
উপাচার্য বলেন, এই ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার একটি সমন্বিত সমাধান যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যের প্রক্রিয়াকরণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা, সুবিধা ব্যবস্থাপনা, পরিবহন, গ্রন্থাগার, কর্মীদের বিবরণ, হিসাব, মানবসম্পদসহ সকল ধরনের কার্যক্রম এর মাধ্যমে ডিজিটালি সম্পন্ন করা হবে। উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাধীনতার ৫০ বছরের মধ্যেই দেশের সকল অবকাঠামো এবং সেবা ডিজিটাল করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির এই উদ্যোগ।