পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমাদের দেশে জমি সংক্রান্ত মামলা হয় সবচেয়ে বেশি। জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র সঠিকভাবে যাচাই করতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলায় তিনজন পুলিশ সদস্যের লেখা তিনটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইন-শৃঙ্খলা রক্ষার মতো কঠোর দায়িত্বে নিয়োজিত থেকেও লেখালেখিতে সম্পৃক্ত থাকায় তিনি লেখকদের ধন্যবাদ জানান। ‘নিষ্কণ্টক জমির মালিকানা’ বইটি লিখেছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক, ‘অপরাধ ও দণ্ডসমূহ’ গ্রন্থের লেখক এআইজি ফারুক আহমেদ এবং ‘যে গল্প হয় না লেখা’ গল্প সংকলনের রচয়িতা উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান। ‘নিষ্কণ্টক জমির মালিকানা’ বইটিতে একজন সাধারণ মানুষ, যিনি জমি সম্পর্কে কিছুই জানেন না, তিনি জমি ক্রয় করতে চাইলে তার কি করণীয়, কীভাবে অগ্রসর হবেন, তা সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। ‘অপরাধ ও দণ্ডসমগ্র’ বইয়ে অপরাধ এবং দণ্ডসমূহ একই সঙ্গে সন্নিবেশ করা হয়েছে। যা থেকে পাঠক সহজে অপরাধের সঙ্গে সঙ্গে দণ্ড সম্পর্কেও জানতে পারবেন। ‘যে গল্প হয় না লেখা’ গল্প গ্রন্থে পুলিশের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি পুলিশের সেবা প্রত্যাশী মানুষের গল্পও সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী, সিটিটিসির ডিআইজি মোঃ মনিরুল ইসলাম এবং ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পুনাক সভানেত্রী হাবিবা জাবেদ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।