কবি আল মাহমুদের একাধিক প্রত্যঙ্গ কাজ করছে না

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত কবিকে গত ৮ ফেব্রুয়ারি ধানমন্ডির শঙ্করের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পরের দিন আইসিইউতে নেওয়া হয়। ইবনে সিনার আইসিইউ’র ইনচার্জ জানান, কবি আল মাহমুদের বয়স হয়েছে। তার নিউমোনিয়ার উন্নতি হতে সময় লাগবে। তিনি বলেন, নিউমোনিয়া, হার্টে সমস্যা, বার্ধক্যজনিত রোগ ছাড়াও কবির একাধিক প্রত্যঙ্গ কাজ করছে না। এজন্য তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

আইসিইউ’র ইনচার্জ আরও বলেন, কবির অবস্থা স্থিতিশীল। এজন্য আমরাও বেশ আশাবাদী। সব চেষ্টা করা হচ্ছে, বাদবাকি আল্লাহর ইচ্ছা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে এইচডিইউতে নেওয়া হবে। কবি আল মাহমুদ হাসপাতালে নিউরো স্পেশালিস্ট অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিত্সাধীন।