আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযাগে সিলেটের জৈন্তাপুরের ব্যবসায়ী লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-২০। এ মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পেশিশক্তি ব্যবহার করে এসব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, দুদকের নোটিসের প্রেক্ষিতে ব্যবসায়ী লিয়াকত দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। দুদক লিয়াকত আলী’র নামে মোট ৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১০৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পায়।  অপরদিকে তার আয়কর নথিতে ঘোষিত ব্যয় ও খরচ ব্যতীত তার ব্যবসা ও দান হিসেবে প্রাপ্ত খাত হতে মোট আয় পাওয়া যায় ৫৯ লাখ ৭৮ হাজার ৮৭৮ টাকা। এক্ষেত্রে দুদকে প্রদান করা সম্পদ বিবরণীর বাইরে  তার নামে ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া যায়।