প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী বিদ্যুত্ ও জ্বালানি খাতে যৌথ প্রক্রিয়ায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। ড. এলাহি গতকাল ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়দায় ইন্ডিয়া এক্সপো সেন্টারে ‘পেট্রোটেক-২০১৯’এর মন্ত্রী পর্যায়ের অধিবেশনে প্রধান বক্তা হিসেবে এই অভিমত ব্যক্ত করেন। এটি এশিয়ার সর্ববৃহত্ আন্তর্জাতিক তেল ও গ্যাস সংক্রান্ত সম্মেলন ও প্রদর্শনী। তিন দিনব্যাপী দ্বিবার্ষিক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।