ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ২০ জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মেহেরপুর : সদর উপজেলার নুরপুর নামক স্থানে গরুবাহী ট্রলির সঙ্গে ধাক্কা লেগে শফিকুল ইসলাম (৩৩) নামের প্রবাসফেরত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার আশরাফপুর গ্রামের সুড়ি পাড়ার নুরুর ছেলে ও মালয়েশিয়া প্রবাসী। সদর থানার ওসি শাহ দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভাঙ্গুড়া (পাবনা) : সোমবার দুপুরে ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়ায় অটোবাইকের নিচে পড়ে নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী। ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, বিট পুলিশিং অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বৃদ্ধার আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনোহরগঞ্জ (কুমিল্লা) : পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আক্কাস (১৯) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ-নাঙ্গলকোট সীমানায় তুগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার উত্তর ফেনুয়া গ্রামের আবু সায়েদের ছেলে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অদূরে সেগুনবাগান এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে রতন দাশ (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালের এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। রাঙ্গুনিয়া থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল করিম জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) : উপজেলার কামারপুকুর এলাকায় বাসের ধাক্কায় আমিন উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি কামারপুকুর ইউনিয়নের নিজগ্রামে। সোমবার সকালের এ ঘটনায় এক জন আহত হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) নুরন্নবী প্রধান বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক বাস নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সকালে সুলতানপুর-আখাউড়া সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তকে কেউ গুরুতর আহত হয়নি।