২২ বর্গকিলোমিটারের ফেনী শহরে প্রায় ২ লাখ ৬৫ হাজার মানুষের বসবাস। দুঃখজনক হলেও সত্য যে, এত বিপুল সংখ্যক মানুষের বিনোদনের খোরাক জোগান দেওয়ার মতো উলেখযোগ্য কোনো বিনোদনকেন্দ্র নেই এখানে। যদিও কাজীরবাগে একটি ইকোপার্ক আছে, তবে সেটি খুবই স্বল্প পরিসরের। যে কারণে মানুষ অবসর সময় উপভোগ করতে রাজাঝির দিঘি কিংবা বিজয়সিংহ দিঘির পাড়ে ভিড় জমায়। অতিরিক্ত মানুষের চাপে এই তিন জায়গায় স্থান সংকুলান ও বিনোদনের পরিবেশ বজায় থাকে না। শহরে দুটি শিশুপার্ক থাকলেও বড়দের বিনোদনের খোরাক মেটাতে ঢাকা, কুমিল্লা কিংবা চট্টগ্রামমুখী হতে হচ্ছে। এখানে একটি পার্ক কিংবা বোটানিক্যাল গার্ডেন হলে সেটি সরকারের আয়ের লাভজনক উত্স হতে পারে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু শাহেদ চৌধুরী
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ