গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

গাড়িতে আগুন, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে  মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ী কলম্বিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহত ফারুক আলী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মণ্ডল শেখ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের সহকর্মী আ. লতিফ জানান, মহানগরীর বাসন সড়কের ভোগড়া এলাকার কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানার সুইংয়ের হেলপার হিসেবে কাজ করতেন ফারুক আলী। প্রতিদিনের মতো দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি বাসায় যান। পৌনে ২টার দিকে মহাসড়কের পূর্ব পাশ থেকে তার কর্মস্থল পশ্চিম পাশে পার হওয়ার সময় হালুয়াঘাটগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঐ স্থানে থাকা তার অন্য সহকর্মীরা এগিয়ে এসে ফারুককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক খসরু খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই শ্রমিকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়ভাবে আগুন নিভিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের লাশ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্ত করা হবে। তিনি আরো জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।