জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের কলাবাগান এলাকায় খাবার পানিসহ প্রয়োজনীয় পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২০০ কর্মচারীর পরিবার। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন তিনটি হলের কাজে প্রচুর পরিমাণে পানির চাপ থাকায় ঐ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটছে । তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়কে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহিদ রফিক-জব্বার হলসংলগ্ন নির্মাণাধীন তিনটি হলের কাজে প্রচুর পরিমাণে পানি দরকার হয়। ফলে ঐ এলাকায় পানির চাপ কমে গেছে। এ কারণে এলাকাবাসী গত তিন মাস যাবত্ পানি সমস্যায় থাকলেও গত এক মাস এ সংকট তীব্র আকার ধারণ করেছে। গতকাল সরেজমিনে দেখা যায়, খাবার পানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন। তাদের কারোই বাসায় পানি নেই। তাই প্রতিদিনের মতো খাবার পানি সংগ্রহে একটি পানির ট্যাপের সামনে জমায়েত তারা। একের পর এক তাদের পানির পাত্র পূর্ণ করছেন। তবে পানির চাপ কম থাকায় একটি পাত্র পূর্ণ হতেই দীর্ঘ সময় লেগে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, গত দুই-তিন মাস যাবত্ এ সমস্যায় ভুগছেন তারা। গত এক মাস সংকট তীব্র আকার ধারণ করেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশল (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম মো. শরীফকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে আব্দুস সালাম মো. শরীফ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। এ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান অবহিত। অবশ্য আসাদুজ্জামানও বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি।