টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম কেন্দ্রে পাঠাতে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। এ ধরনের অপকর্ম থেকে সবাই বিরত থাকবেন। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়। অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়। ক্ষমতার অপব্যবহার করবেন না।

পঁচাত্তরের পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল তার রেশ এখনো রয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল? নেপথ্যে কে ছিল? সেই ইতিহাস সবাই জানে—যা কখনো ভুলে যাবার নয়। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন ’৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। ৭৫ ও ২১ আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেওয়াল আরো উঁচুতে নিয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের যে কর্ম সম্পর্ক তা নষ্ট করে দিয়েছে বিএনপি। একাধিকবারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে? এটা কি প্রতিহিংসা নয়? আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে বেগম জিয়া এই ভুয়া জন্মদিন পালন করেন। ওবায়দুল কাদের প্রয়াত হাসিবুর রহমান স্বপনকে একজন সফল রাজনীতিবিদ আখ্যায়িত করে বলেন, একজন নির্লোভ নিরহংকার নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন স্বপন। ওবায়দুল কাদের হাসিবুর রহমান স্বপনের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, তানভীর শাকিল জয়, ডা. আবদুল আজিজ, তানভীর ইমাম, আবদুল মমিন মণ্ডল প্রমুখ।