মিরপুরে চার মেয়ে শিশু নিখোঁজ

রাজধানীর পল্লবীতে বাসা থেকে বের হয়ে তিন শিক্ষার্থীর নিখোঁজের আগে মিরপুর থেকে চার মেয়ে শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ। গত শুক্রবার বিকালে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি করেছে পরিবার।

মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার বিকালে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। তাদের একজনের বয়স ১৪ ও অপর জনের ১৩ বছর। এ ঘটনায় পরদিন শনিবার থানায় একটি জিডি দায়ের করে পরিবারের পক্ষ থেকে। জিডিতে বলা হয়, শুক্রবার বিকালে তারা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এদের মধ্যে এক মেয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিখোঁজ অন্য জন ঐ বাসারই গৃহকর্মী।

ওসি জানান, এছাড়া গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়। তাদের এক জনের বয়স ১৩ আরেক জনের বয়স ১০ বছর। তারা দুজন প্রতিবেশী। এ ঘটনায় এক শিশুর মা মিরপুর থানায় জিডি করেছেন। এদের মধ্যে একটি শিশু কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ অপর জনের বাবা রিকশাচালক। ওসি বলেন, চার শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে কলেজ যাওয়ার নাম করে নগদ টাকা, গয়নাগাটি নিয়ে বেরিয়ে যাওয়া তিন বান্ধবীর খোঁজ এখন পর্যন্ত মেলেনি। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, তাদের সন্দেহ ঐ কলেজছাত্রীরা কোনো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।