রঙ-তুলির গণ্ডি পেরিয়ে ভিন্ন মাত্রায়

>> আরিফুল হাসান শুভ

কখনো ধোঁয়া, কখনো জামের রস কিংবা সরিষার তেল, আবার কখনো ছবি আঁকেন কফির গুঁড়া দিয়ে। সমপ্রতি তিনি ছবি এঁকেছেন কেবল গাম আর সুতা ব্যবহার করে। বলছি অবাক করা আর্টিস্ট ইফাজের কথা। রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইফাজ মাহদী। যন্ত্র নিয়ে পড়াশোনা করলেও  যান্ত্রিকতার বেড়াজালে আবদ্ধ হয়নি তার মন। বরং শিল্প সৃষ্টির নেশায় তা বরাবরই মগ্ন।

প্রতিনিয়তই বৃত্তের বাইরে গিয়ে ছবি আঁকার ভিন্ন কোনো মাধ্যম খুঁজেন এই সৃজনশীল তরুণ।

দৈনিক ইত্তেফাককে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই যে, সৃজনশীলতা কখনোই বাধা মানে না। রঙ-তুলি না থাকলেও ছবি আঁকা যায়, এমনকি তা হতে পারে অনেক বেশি আকর্ষণীয়।’ প্রথমদিকে বেশি আঁকা হতো পেন্সিল স্কেচ। অ্যাক্রেলিক রঙ দিয়ে তিনি এঁকেছেন অসংখ্য ছবি। তবে এই যাত্রার মোড় ঘুরে যায় মোমবাতির আগুনের ধোঁয়া দিয়ে আইফেল টাওয়ারের ছবি আঁকার ফলে। ভিন্নধর্মী এই চিত্রকর্ম সকলের প্রশংসা কুড়ায়। ধারণা করা হয়, দেশে তিনিই প্রথম ধোঁয়া ব্যবহার করে ছবি এঁকেছেন। ২০১৭ সালে এই প্রতিভা তাকে নিয়ে যায় বাংলালিংক আয়োজিত ‘নেক্সট টিউবার’র চূড়ান্ত পর্বে।

আঁকতে কতটা উপভোগ করেন জানতে চাইলে তিনি বলেন, ‘শখের যেকোনো কাজ মূলত নিজেকে আনন্দিত করার জন্যই। আমার মনে হয়, প্রতিবার একটি ছবি আঁকার পর পরেরটা কী দিয়ে আঁকব—সেই প্রশ্ন সবাইকে রোমাঞ্চিত করে। এই বিষয়টি আমি খুব উপভোগ করি।’

ইফাজের সামপ্রতিক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো—সুতা দিয়ে আঁঁকা ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজের প্রফেসর চরিত্রের ছবি, জামের রস দিয়ে আঁকা কন্টেন্ট ক্রিয়েটর ‘নাদির অন দ্য গো’র এবং কফি দিয়ে আঁকা সিনেমাটোগ্রাফার যুবায়ের তালুকদারের ক্যারিক্যাচার। এছাড়া সরিষার তেল দিয়ে এঁকেছেন ক্রিকেট তারকা  অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি।

ক্যানভাস নিয়েও ধরাবাঁধা নিয়ম মানেন না তিনি। শুধু কাগজ নয়, কখনো নিজের জুতা, পেন্সিল বাক্স, আবার কখনো ঘরের দেয়ালটাই হয়ে ওঠে তার ক্যানভাস।

ছবি আঁকার পাশাপাশি ফুটবল খেলা এবং ভিডিও তৈরিতেও পারদর্শী ইফাজ। স্কুলজীবন থেকেই ফুটবলের প্রতি ঝোঁক, আছে অনেক অর্জনও। ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের মৌসুমে এশিয়ান পেইন্টস আয়োজন করে ফুটবলের আবহ কেন্দ্রিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। পুরান ঢাকার ফুটবল গ্রাফিতির দেয়ালের সামনে ফুটবল স্টান্ট করা ছবির জন্য তিনি বিজয়ী হন।

ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন ইফাজ। বর্তমানে নিজের নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত আর্ট ও ভ্রমণ  বিষয়ক ভিডিও তৈরি করে আপলোড করেন। চেষ্টা করেন ক্ষেত্রগুলো একসূত্রে গেঁথে কাজ করতে। যেমন, কোথাও ঘুরতে গেলে সেই ভ্রমণের ওপরই করে ফেলেন একটি ভিডিও, আবার সেখান থেকেই খুঁজে নেন ছবি আঁকার নতুন প্লট। আবার সেই ছবি আঁকার পুরো সময়টা নিয়ে তৈরি করেন ভিডিও।

তার মতে, শখের কোনোকিছু কখনো মানসিক চাপ নিয়ে করা উচিত নয়।