সিংগাইরে ইউপি নির্বাচন
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারিগ্রামে ইউপি চেয়ারম্যান পদে গতবার ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে চেয়ে ছিলেন থানা ছাত্রদল নেতা দেওয়ান রিপন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির সাবেক এমপি ও মন্ত্রী শামসুল ইসলাম খান নয়া মিয়া ও থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্তর ছবি মাথার ওপর ধারণ করে দোয়া চেয়ে পোস্টার, ব্যানার- ফেস্টুুনও লাগিয়েছিলেন তিনি।
দলের ত্যাগী কর্মী হিসেবে ছাত্রদলের সদস্য এবং সিংগাইর কলেজ ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান রিপন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাবেন এমনটাই আশা করেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এক হাজার ভোটের ব্যবধানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাজিদুল আলম স্বাধীনের কাছে হেরে যান তিনি। তখন বিএনপি থেকে প্রার্থী করা হয় মো. সালাউদ্দিনকে। তিনি তৃতীয় স্থান লাভ করেন। তাই নির্বাচনের পর বিএনপির ওপর ক্ষুণ্ন হয়ে বিএনপি ছেড়ে রিপন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খানের নেতৃত্বে এবং তার তদ্বিরে সরকারি দলে যোগ দিয়ে যুবলীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
এখন যুবলীগ নেতা হিসেবে রিপন গত সোমবার থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আগামী ১৫ অক্টোবর নির্বাচন উপলক্ষ্যে। তবে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসানও নৌকার ফরম সংগ্রহ করেছেন। নৌকা প্রতীকের ১১ ইউনিয়নের সকল মনোনয়ন প্রত্যাশীই ফরম কেনেন । এদিকে চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব পোদ্দার বলেন, দলের সবাই রাকিবুল হাসানের পক্ষে কাজ করবেন। কারণ রাকিবুল পুরানো আওয়ামী লীগার। রিপন বিএনপি থেকে নব্য আওয়ামী লীগার।