সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজল-এ-খোদা মোহাম্মদ নাজির। দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ নুরুল ইসলাম, ভাতিজা হাসমাতুল্লাহ ও  হাসান আলী। 

ঘটনার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহিষলুটি উত্তর পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের দুই ছেলে রহমত আলী ও বড় ভাই নুরুল ইসলামের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ মার্চ রহমত আলীর সঙ্গে তার ভাই নুরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে ঝগড়াঝাটির এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে মো. হাসমাতুল্লাহ ও মো. হাসান আলী মিলে রহমত আলীকে ধারালো চাকু ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার পর নিহত রহমত আলীর স্ত্রী মোসাম্মত্ মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় হত্যামামলা দায়ের করেন।