সুনামগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জে সদর উপজেলায় কৃষক তৈয়বুর রহমান হত্যামামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায়ের আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুত্ফর মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার আদর্শ গ্রাম (গুচ্ছ গ্রাম) এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ গ্রাম এলাকার তৈয়বুর রহমানের বোন সিতারুন নেসা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ মেটাতে ২০০৮ সালে সালিশে বসেন দুই পক্ষের লোকজন। পরে দুই পক্ষের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে সিতারুন বেগমের দেবর লুত্ফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত একজনের মৃত্যুদণ্ডের রায় দেন। সুনামগঞ্জ জেলা দায়রা জজের পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।