খুলনা অফিস
খুলনায় র্যাব-৬-এর আভিযানিক দল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জাল সনদপত্র ও পরিচয়পত্র জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজারের প্রত্যাশা প্লাজার দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নগরীর সোনাডাঙ্গা থানার ইয়াসিন হোসেন ও শীবপদ মণ্ডল। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-৬-এর সদর কোম্পানি একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বয়রা বাজারের প্রত্যাশা প্লাজার দ্বিতীয় তলায় রনি ওয়ান লাইন সলিউশন ও অয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে ঐ দুই প্রতারককে গ্রেফতার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহূত দুইটি সিপিইউ, মনিটর, কী-বোর্ড, মাউস, একটি স্ক্যানার, তিনটি প্রিন্টার উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।