ইট দিয়ে আঘাতের পর পুড়িয়ে হত্যা! 

খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা (৬০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটেছে।  এই ঘটনায় শরীফ পাটোয়ারী নামে একজনকে আটক করেছে পুলিশ। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজীব কর এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার  সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী (২৫) নামে এক যুবক আকস্মিকভাবে চাইথোয়াই মারমার ওপর হামলা চালায়। যুবকটি প্রথমে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক  ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  

নিহতের ছেলে অংশিউ মারমা বলেন, ‘শরীফ আমাদের প্রতিবেশী। সোমবার রাত সাড়ে ১১টায় শরীফ আমাদের ঘরে আগুন দিয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার  থানায় একটি লিখিত অভিযোগও করেছি।’

 ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ পাটোয়ারীকে পুলিশ আটক করেছে। তিনি মাস্টারপাড়ার আবু আহমেদ পাটোয়ারীর ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রস্তুতি চলছে।  

ইত্তেফাক/ইআ