নগর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার নগর ভবনের মেয়র কার্যালয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এই আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাত্কালে মেয়র তাপস বলেন, করপোরেশনের পক্ষ থেকে প্রথম বারের মতো দীর্ঘমেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পরিকল্পনার আওতায় নগরীর ১ কোটি ২০ লাখ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে আগামীর প্রতিবন্ধকতাসমূহ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সেজন্য আমাদের গৃহীত নানা উদ্যোগ ও কার্যক্রমে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির আহ্বান জানাই। রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন খুবই যুগোপযোগী ও উত্সাহব্যঞ্জক। আমি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সরেজমিনে এই এলাকা পরিদর্শন ও বিনিয়োগের আহ্বান জানাব।’