তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আশাহীন মানুষ যেমন স্বপ্ন দেখতে পারে না, আশাহীন জাতিও এগোতে পারে না। গণমাধ্যমের অন্যতম দায়িত্ব মানুষকে, জাতিকে আশাবাদী করে তোলা, ভবিষ্যতের পথ দেখানো। আশা করি, সমাজের ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করার পাশাপাশি গণমাধ্যম ইতিবাচক দিকগুলোও তুলে ধরবে।
বিবিসি মিডিয়া অ্যাকশনের গণতন্ত্র ও উন্নয়নের জন্য জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ক ‘প্রটেকটিং ইনডিপেনডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট (প্রাইমড)’ প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রধান নির্বাহী ক্যারোলিন নার্সির ভিডিও বক্তব্যের পাশাপাশি বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আল-মামুন সমাপনী বক্তব্য দেন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশের ক্রমপ্রসারমান গণমাধ্যম শিল্পের সঙ্গে কাজ করতে পেরে যুক্তরাজ্য সরকার আনন্দিত। প্রাইমড প্রকল্প দুই দেশের সম্পর্ককে আরো কাছে নিয়ে আসবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজী টিভির প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যমুনা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আনজুমান প্রমুখ বক্তব্য রাখেন।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এফসিডিও এর অর্থায়নে প্রাইমড প্রকল্পের আওতায় গণমাধ্যমের সম্পাদকীয় নীতি উন্নয়ন, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা বিষয়ে যমুনা টেলিভিশন, বাংলা ট্রিবিউন, দৈনিক গ্রামের কাগজ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে কাজ করছে বিবিসি মিডিয়া অ্যাকশন।