শিমুলিয়ায় গাড়ির অপেক্ষায় ফেরি

দৌলতদিয়া ঘাট ও বঙ্গবন্ধু সেতুতে তীব্র যানজট

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় থাকছে ফেরি। পদ্মার স্রোত কমলে রাতেও ফেরি চলাচল এবং  দু-এক দিনের মধ্যেই স্পিডবোট চলবে বলে জানা গেছে। অন্যদিকে গোয়ালন্দের দৌলতদিয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বাসযাত্রী ও ট্রাকচালকেরা। এছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কেও গতকাল তীব্র যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করলেও প্রত্যাশিত যানবাহন আসছে না ঘাটে। স্বাভাবিক সময়ে ফেরির জন্য অপেক্ষা করে গাড়ি। আর এখন গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। মঙ্গলবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চারটি ফেরি ট্রিপ দিয়েছে সর্বমোট আটটি। স্বাভাবিক অবস্থায় এই সময়ের মধ্যে অন্তত ১৮-২০টি ট্রিপ হয়ে যেত বলে বিআইডব্লিউটিসি জানায়। তবে এই রুটে ফেরি সার্ভিস বন্ধের দীর্ঘ ৪৭ দিন পর আবার চালু হওয়ায় খুশি ঘাট ব্যবহারকারীরা। এদিকে লঞ্চ চলাচল করছে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। স্পিডবোট বন্ধ থাকলেও ১৩২টি স্পিডবোটের রেজিস্ট্রেশন হয়েছে, টাইমটেবিল অনুমোদন পেয়েছে ১৯টি। প্রক্রিয়া চলছে, দু-এক দিনের মধ্যে বৈধ প্রক্রিয়ায় দিনের বেলায় স্পিডবোট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক ও শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত্ হোসেন।

বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাট কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার এই নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল করে। মঙ্গলবার প্রতিটি ফেরি অন্তত তিনটি করে ট্রিপ দিতে পেরেছে বলে তিনি জানান। তবে পদ্মায় স্রোত আরো একটু কমে এলে সপ্তাহখানের মধ্যেই রাতেও পুরোদমে ফেরি চলাচল শুরু হবে।

এদিকে গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গোয়ালন্দের দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিডমিল এলাকা পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বাসযাত্রী ও ট্রাকচালকেরা।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ায় বাস-ট্রাকসহ পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন আটকে আছে। ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীবাহী যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করা হচ্ছে।

এছাড়া কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট আরো বাড়তে থাকে। মহাসড়কে যানজট থাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা সেতুতে যাওয়ার চেষ্টা করে। এতে এই সড়কের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে নলকা পর্যন্ত চার কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব সড়কে লাগা যানজটে অসহনীয় গরমে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।