বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও ভিকি কৌশল। নির্মাতা লক্ষ্মণ উটেকারের পরবর্তী সিনেমাতে জুটি বাঁধছেন তারা। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের। জানা গেছে, ভারত সরকারের আবাস যোজনার পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হবে। ছোট শহরের একটি গল্পে সিনেমাটি নির্মিত হলেও বেশ কিছু সামাজিক বার্তা থাকছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটিতে ভিকি এবং সারাকে স্বামী -স্ত্রীর ভূমিকায় দেখা যাবে, যারা তাদের যৌথ পরিবার থেকে দূরে গিয়ে একটি নিজস্ব বাড়ি চায়। এই দম্পতিকে একটি বাড়ি পেতে ভারত সরকারের কর্মসূচি আবাস যোজনা ব্যবহার করতে দেখা যাবে। আর এই স্কিমের জন্য যোগ্য হওয়ার বিষয়গুলোই সিনেমাটিতে নাটকীয়ভাবে তুলে ধরা হবে। সারা বলেন, ‘প্রথমবার ভিকির সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। ভিকি দারুণ একজন অভিনেতা। তাছাড়া সিনেমাটির প্রেক্ষাপট ছোট হলেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। আশা করছি দারুণ একটি কাজ উপহার দিতে পারব।’
উল্লেখ্য, প্রথমে আয়ুষ্মান খুরানা ও সারাকে নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু তার সঙ্গে আলোচনা ফলপ্রসু না হওয়ায় ভিকিকে চূড়ান্ত করেছেন লক্ষ্মণ উটেকার। আগামী ১৫ নভেম্বর সিনেমাটির প্রথম লটের শুটিং উত্তর প্রদেশে শুরু হবে বলে জানিয়েছেন তিনি।