তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় ভ্যানগাড়িও মহাসড়ক দিয়ে চলছে। ভ্যানচালক আব্দুর রহিম বলেন, বছর দুয়েক আগে মহাসড়কটির খালকুলা বাজার থেকে চরহামকুরিয়া এলাকা পর্যন্ত ১১ কিলোমিটার খানাখন্দে ভরে যায়। যে কারণে বেশ কিছুদিন বাস ও ট্রাক এই পার্শ্ব রাস্তা দিয়ে চলাচল করেছে। মূলত পার্শ্ব রাস্তাটি তখনই বিধ্বস্ত হয়। বর্তমানে এ রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলারও উপায় নেই। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার বলেন, চলতি অর্থবছরেই হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তা সংস্কার করা হবে।