সামান্য বৃষ্টিতেই নওপাড়া বাজারে জলাবদ্ধতা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

সামান্য বৃষ্টি হলেই ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া বাজারের অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সংস্কার আর সচেতনতার অভাবে কয়েক বছর ধরে এই বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে রয়েছে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে বাজার ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী মো. নজরুল বলেন, ড্রেনেজ ব্যবস্থা নেই। বাজারের কমিটি আছে। প্রতি বছর বাজার থেকে রাজস্ব আদায় করে সরকার। অথচ কয়েক বছর ধরে বাজারে ক্রেতা-বিক্রেতা ও জনগণের নেই কোনো নাগরিক সুবিধা। বিষয়টি বাজার কমিটি অবগত রয়েছে। প্রতিবর্ষা মৌসুমে বাজারের যে পরিস্থিতি হয় তাতে ঐ সময় ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। নওপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দীক বলেন, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি আমাদের নজরে রয়েছে। বাজার ব্যবসায়ী ও সবাই নির্দিষ্ট স্থানে ময়লা আর্বজনা ফেললে সমস্যা কিছুটা দূর হবে। বাজারের উন্নয়নের জন্য কয়েকটি প্রকল্প হাতে রয়েছে। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হাসান জানান, আমাদের বাজারের জন্য প্রজেক্ট প্রস্তাব করা আছে। বাজারের পানি নিষ্কাশনের জন্য রাস্তা উঁচু করা হবে। কাজটি করা হলেই সমস্যার সমাধান হবে।