টেকনাফে দেড় কেজি আইসসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান নিয়ে পালানোর সময় বিজিবি ধাওয়া করে মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। বুধবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযানের বর্ণনা দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মাদকের চালান পাচারের সংবাদে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল টেকনাফ সদরের গোদারবিল বাজারসংলগ্ন এলাকায় প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। পরে মোটরসাইকেল ফেলে পালানোর সময় মো. আব্দুল মজিদ নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা হয় দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস ও মোটরসাইকেলটি। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।