কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের জামির হোসেন (৩২) ও ধনপুর গ্রামের মোজাম্মেল হক (৩০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় মহাসড়কের সাথে সংযোগ রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিয়ে উলটে যায়। এতে অটোরিকশার যাত্রী জামির হোসেন ও মোজাম্মেল হক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মো. এছহাককে (৭০) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।