কিন্ডারগার্টেনের শিক্ষকদের পাশে দাঁড়ান

আমাদের দেশে গড়ে উঠেছে হাজারো কিন্ডারগার্টেন স্কুল। যেখানে পড়াশোনা করছে শত শত শিক্ষার্থী। বিভাগীয় কিংবা জেলা শহরের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রয়েছে কিন্ডারগার্টেন স্কুল। যাতে শিক্ষকতা করেন হাজারো তরুণ-তরুণী। গত বছরের ১৬ মার্চ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ হয় কিন্ডারগার্টেন স্কুলগুলোও। বেশিরভাগ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ফিয়ের ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের দেওয়া টাকাতেই হয় শিক্ষক-শিক্ষিকাদের বেতন। করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের মানুষের আর্থিক অবস্থা ছিল শোচনীয়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেক পরিবার স্কুলের বেতন দিতে পারেনি। শিক্ষার্থীদের বেতন না পাওয়াতে শিক্ষকদের বেতন দিতে পারেননি বহু শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে কিন্ডারগার্টেনের শিক্ষকরা ঋণ করেছেন। করোনাকালে চাকরি হারিয়েছেন কিন্ডারগার্টেনের বহু শিক্ষক। এদের মধ্যে কেউ কেউ অন্য চাকরি পেয়েছেন, আবার কেউ বেকার থেকে আর্থিক সংকটে ভুগছেন। মানুষ গড়ার কারিগর এসব শিক্ষকের পাশে সরকারের দাঁড়ানো প্রয়োজন।

মো. আবীর আল-নাহিয়ান

জকিগঞ্জ, সিলেট