অবশেষে সংসার ভাঙছে বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেলের। আলোচিত-সমালোচিত এই গায়কের সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। বিষয়টি নিশ্চিত করে সালসাবিল জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে। ডিভোর্সের কারণ প্রসঙ্গে জানতে চাইলে সালসাবিল বলেন, ‘নোবেল চরম মাদকাসক্ত, নারী নেশাও রয়েছে তার। এছাড়া আমাকে নানাভাবে নির্যাতন করত সে। যার সব প্রমাণ আমার কাছে আছে। মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে তো সংসার করা যায় না। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে সাবসাবিলের এই সিদ্ধান্তে দারুণ খুশি হওয়ার পাশাপাশি স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন তিনি। নোবেল বলেন, ‘প্রায় দেড় মাস আগে ডিভোর্স লেটার হাতে পেয়েছি। এতদিনে সিটি করপোরেশন থেকে যেহেতু আমাকে ডাকা হয়নি সেহেতু আমাদের ডিভোর্স মনে হয় হয়ে গেছে। বড় বাঁচা বেঁচে গেছি। কারণ বউটা আসল না হয়ে ভাড়াটে হলে সমস্যার অন্ত থাকে না। আমার কাছে তথ্য আছে, আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য দেশের এক সেলিব্রেটি তাকে ভাড়া করেছে।’ এমন কথার কারণ জানতে চাইলে নোবেল অভিযোগ করে বলেন, ‘সে আমার অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ টাকা সরিয়েছে। আমার পাসপোর্ট, এনআইডি পর্যন্ত গায়েব করেছে। শুধু তা-ই নয়, আমাকে বিষ পর্যন্ত খাওয়ানো হয়েছিল।’
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। বিয়ের দুই বছর না পেরোতেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।